অজিতের সঙ্গে পাওয়ারের বৈঠকে সিদুঁরে মেঘ দেখছে 'ইন্ডিয়া' https://ift.tt/QhWM2Tx - MAS News bengali

অজিতের সঙ্গে পাওয়ারের বৈঠকে সিদুঁরে মেঘ দেখছে 'ইন্ডিয়া' https://ift.tt/QhWM2Tx

এই সময়, নয়াদিল্লি: সপ্তাহ দুয়েক আগেই মহারাষ্ট্রের পুনেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে হাজির হয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷ প্রধানমন্ত্রীর সঙ্গে হাল্কা হাসি-ঠাট্টার পরে পাওয়ার মোদীর পিঠ চাপড়ে দিয়েছিলেন, সেই ছবি প্রবল অস্বস্তিতে ফেলেছিল বিরোধী শিবিরকে৷ যে প্রধানমন্ত্রীকে গদি থেকে সরিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে গড়া হয়েছে 'ইন্ডিয়া' জোট, তার সদস্য হয়ে পাওয়ার কী ভাবে এটা করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এই বিতর্কের রেশ মেলানোর আগেই ফের আলোচনায় 'মারাঠা স্ট্রং ম্যান৷' এ বারেও পটভূমিকায় সেই পুনে, যেখানে শনিবার রাতে বিদ্রোহী দলত্যাগী ভাইপো এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের সঙ্গে পাওয়ারের দীর্ঘ বৈঠকের কথা জানা গিয়েছে৷ এর পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা৷ এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলানো ভাইপোর সঙ্গে কী এমন জরুরি কথা থাকতে পারে এনসিপি সুপ্রিমোর যে তিনি পুনের কোরেগাঁও পার্কে শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোতে গোপন বৈঠকে বসছেন? গোটা ঘটনাপ্রবাহের দিকে তীক্ষ্ণ নজর আছে বিরোধী শিবিরের৷ চলতি মাসের শেষে মুম্বইয়ে নির্ধারিত বিরোধী সামিটের অন্যতম উদ্যোক্তা শরদ পাওয়ারের এনসিপি৷ এই আবহে শরদ পাওয়ারের সঙ্গে বিজেপির একটা অংশের ঘনিষ্ঠতাকে স্বভাবতই আতসকাচের তলায় ফেলছে বিরোধী জোটের একাংশ৷ তবে এ সব জল্পনায় জল ঢেলে এনসিপি প্রধান রবিবার শোলাপুরে বলেন, 'আমার কিছু 'শুভানুধ্যায়ী' আমাকে বিজেপিকে সমর্থনের কথা বলছেন। কিন্তু আমি স্পষ্ট বলছি, 'আমার দল এনসিপি বিজেপির সঙ্গে যাবে না। কারণ এনসিপির রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বিজেপির মতাদর্শ মেলে না।' তিনি-এও জানান, তাঁর দলের একাংশ (অজিত গোষ্ঠী) অন্য অবস্থান নিয়েছে। তারা বুঝতে চাইছে পাওয়ার সিনিয়র তাঁর অবস্থানে কোনও বদল আনবেন কি না। সে জন্যই তারা আলোচনা করতে চেয়েছে।'পাওয়ার সিনিয়র কেন অজিতের সঙ্গে 'গোপন' বৈঠক করলেন, এই প্রশ্ন করা হলে 'সাহেব' সাফ বলেন, 'আমি একটা কথা বলতে চাই। অজিত সম্পর্কে আমার ভাইপো। ওর সঙ্গে আমার কোনও গোপন বৈঠক হয়নি। পরিবারের সিনিয়র মোস্ট সদস্য আমি। আমার যদি মনে হয় ভাইপোর সঙ্গে দেখা করব, সেটা করতে পারি না! এই নিয়ে এত শোরগোলের কী আছে!' পাওয়ারের রাজনীতি যাঁরা জানেন, তাঁরা মনে করছেন, 'পরের কথাটা ধোঁয়াশায় ভরা। নিজেই বলছেন, রাজনৈতিক আলোচনা হয়েছে। আবার পর-মুহূর্তে বললেন, পরিবারের সদস্য হিসেবে দেখা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের সঙ্গে। খেলা যে কোনও সময়ে উনি ঘুরিয়ে দিতে পারেন।''মহাবিকাশ আগাড়ি'র জোটসঙ্গী শিবসেনার (উদ্ধব) মুখপাত্র সঞ্জয় রাউত অবশ্য বিষয়টিকে খুব গুরুত্ব দিতে নারাজ, 'মোদী ও তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যদি বৈঠক করতে পারেন, তা হলে পাওয়ারজি অজিতের সঙ্গে পারেন না কেন!' তার পরেই অবশ্য বলেন, 'রাজনীতিতে অনেক কিছুই হতে পারে, সবটাই অনিশ্চিত।' 'লোকমান্য তিলক' পুরস্কার অনুষ্ঠানে মোদীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত হওয়ার ঘটনা নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বিরোধী শিবিরের একটা অংশের মতপার্থক্য যথেষ্ট তীব্র হয়েছিল বলেই রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছিল৷ মোদীর সঙ্গে কখনই তাঁর এক মঞ্চে বসা উচিত নয়, বিরোধী শিবিরের তরফে সরাসরি পাওয়ারকেই এই অভিমত জানানো হয়েছিল৷ এর প্রত্যুত্তরে পাল্টা যুক্তি দিয়ে পাওয়ার জানান, ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সখ্য৷ পাওয়ারই তাঁদের হয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এই পরিস্থিতিতে তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে না থাকাটা ভালো দেখায় না। এই যুক্তি মেনে নিয়েছিলেন বিরোধী শিবিরের নেতারা৷ সূত্রের দাবি, এই পরিস্থিতিতে পাওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে নিজে বিরোধী শিবিরের তাবড় নেতাদের সামনে দাবি করেছিলেন, জল্পনার কোনও জায়গা নেই৷ তাঁর বাবা, এনসিপি সুপ্রিমো বিরোধীদের সঙ্গেই আছেন৷ এর পরে সাময়িক ভাবে বিষয়টিতে জল পড়ে যায়৷ সপ্তাহ দুয়েক বাদে ফের নয়া জল্পনা দেখা দিয়েছে শনিবার কাকা-ভাইপোর বৈঠকের পরে, কারণ পাওয়ারের মুখের কথায় খুব একটা ভরসা রাখতে পারছেন না বিরোধী শিবিরের নেতারা৷ তাঁদের ব্যাপারটা অনেকটা, 'না আঁচালে বিশ্বাস নেই'-এর মতো। তবে পাওয়ারকে সমর্থন করে সংবাদমাধ্যমের সামনে এনসিপি নেতা আমোল মিতকারি দাবি করেন, পারিবারিক কারণেই বৈঠকে বসেছিলেন কাকা-ভাইপো৷ তিনি এই দাবি করলেও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/A0Mg7ZS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads